ঢাকা প্রতিবেদক;
নবাবগঞ্জে লায়ন্সের চক্ষু শিবিরে চোখ পরীক্ষার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এ শিবিরে প্রায় ৭০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, ঢাকা এরিস্টক্যাট ও ঢাকা উত্তরা ওয়েস্টের যৌথ উদ্যোগে শিবিরটির আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেসক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ।
আয়োজকেরা জানান, শিবিরে শতাধিক ছানি রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ লুতফর রহমান নাদিম এমজেএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি মোঃ সেলিম ও গ্যাট ভাইস এরিয়া লিডার বেনজীর আহম্মেদ।
উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান ও প্রথম ভাইস জেলা গভর্নর রফিকুল বারী, জেলা ৩১৫এ১-এর প্রথম ভাইস জেলা গভর্নর ড. খন্দকার আবুল হোসেন, পিডিজি হেলেন আক্তার নাসরিন, ডা. খন্দকার আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং লায়ন ও লিও নেতৃবৃন্দ।
লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়োজনে সহযোগিতাকারী প্রতিষ্ঠান ও এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়।